নাসির উদ্দিন পাটোয়ারীর সফর ঘিরে উত্তপ্ত বড়লেখা: হাকালুকি-মাধবকুণ্ড ঘুরে দেখবেন, এনসিপি বলছে ‘নিরাপত্তা নিশ্চিত করব’
- আপডেট সময় : ০২:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
নাসির উদ্দিন পাটোয়ারীর সফর ঘিরে উত্তপ্ত বড়লেখা: হাকালুকি-মাধবকুণ্ড ঘুরে দেখবেন, এনসিপি বলছে ‘নিরাপত্তা নিশ্চিত করব’
নিজস্ব প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কেন্দ্রীয় সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর আগামী রবিবারের বড়লেখা সফরকে কেন্দ্র করে উপজেলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ছাত্রদলের ‘প্রতিহতের আহবান ’ ঘোষণার পর এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফর শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ‘নিরাপত্তা নিশ্চিত করা হবে’।
এনসিপি মৌলভীবাজার জেলার সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ ‘খবর ধারা’কে জানিয়েছেন, নাসির উদ্দিন পাটোয়ারী সারাদিন বড়লেখার ঐতিহ্যবাহী পর্যটন স্পটগুলো পরিদর্শন করবেন। এর মধ্যে রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত, দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ হাকালুকি হাওর এবং পাথারিয়া পাহাড়।
তিনি বলেন, “আমাদের মেইন ফোকাস হচ্ছে পবিত্র মাগরিবের সালাত আদায় করে যাতে তিনি আগত মুসল্লীদের সাথে কুশল বিনিময় করতে পারেন ভালোভাবে। সেটি নিরাপদে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের যা যা করণীয় তা আমরা করবো।”
সন্ধ্যায় হাজীগঞ্জ বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে মুসল্লীদের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকার উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা রয়েছে নাসির পাটোয়ারীর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের বিরোধিতার বিষয়ে তামিম আহমদ বলেন, “হুমকি মনে করার কিছু নাই। বড়লেখা উপজেলার রাজনীতির একটা ঐতিহ্য আছে। এখানে দলমতের ঊর্ধ্বে উঠে একজন আরেকজনকে শ্রদ্ধা-সম্মান দিয়ে কথাবার্তা, ভালো ব্যবহার করেন।”
তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় গুটিকয়েক ইউজলেস ব্যক্তিদের চেঁচামেচি দেখছি, এগুলো আমরা আমলে নিচ্ছি না। তাদের শরীরে হয়তো কিছু চুলকানি আছে, আমি তাদেরকে পরামর্শ দিবো ভালো ডাক্তার দেখিয়ে তাদের চুলকানির ওষুধ নিতে।”
এর আগে বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম ফেসবুক পোস্টে নাসির পাটোয়ারীকে ‘ডার্বি নাসির’ উল্লেখ করে বড়লেখায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। তিনি লেখেন, “বড়লেখার মাটিতে কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক রাজনীতির ঠাঁই নাই।”
রবিবার বড়লেখার প্রবেশদ্বারগুলোতে দল-মত নির্বিশেষে ‘সচেতন ছাত্রজনতা’কে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বানও জানান তিনি।
দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে রবিবার বড়লেখায় রাজনৈতিক উত্তেজনা তৈরির শঙ্কা দেখা দিয়েছে।










