বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার?
- আপডেট সময় : ১২:৩৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় তাহলে কিভাবে পৌরসভার কোটেশনের ৫.৯০ লাখ টাকার কাজ পেলেন আওয়ামীলীগ নেতা শাহজাহান কমিশনার
অনুসন্ধানী প্রতিবেদন, খবর ধারা : বড়লেখা পৌরসভার কোটেশন মানেই ভাগ-বাটোয়ারা। বড় টেন্ডারের মতো পত্রিকায় বিজ্ঞাপন লাগে না, উন্মুক্ত দরপত্র লাগে না। পৌরসভা তাদের পছন্দের ৩ জনকে কাগজে কলমে দর দেখিয়ে যাকে খুশি তাকে কাজ দিয়ে দিতে পারে। আর এই সুযোগকে কাজে লাগিয়েই বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় বড়লেখা পৌরসভার ৫ লাখ ৯০ হাজার টাকার কাজ বাগিয়ে নিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, সাবেক কমিশনার ও সাবেক পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক শাহজাহান আহমদ।
e-GP পোর্টালের অকাট্য প্রমাণ বলছে, Tender ID 1297592, প্যাকেজ BAR/ADP/RFQ/2025-26/W-03 এর আওতায় বড়লেখা পৌরসভার ৮ নং ওয়ার্ডে জয়নাল মিয়া বাড়ির পশ্চিম পাশ থেকে ফয়জুল পীর বাড়ির গেট পর্যন্ত RCC U ড্রেন নির্মাণের কাজটি ২৪ জুন ২০২৬ তারিখে চুক্তি সই করে ৫,৯০,০০০.৭৭৪ টাকায় পেয়েছেন ঠিকাদার Md. Sahajahan। সরকারি রাজস্ব বাজেটের ADP ফান্ডের এই কাজের মেয়াদ ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত। খবর ধারার অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে এই Md. Sahajahan-ই বড়লেখা পৌরসভার বিতর্কিত কমিশনার ও যুবলীগ নেতা শাহজাহান আহমদ।
জনমনে এখন একটাই প্রশ্ন, বিএনপি ক্ষমতায় তাহলে কিভাবে একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা পৌরসভার কাজ পান? ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন ত্যাগী বিএনপি নেতাকর্মীরা কাজের আশায় বুক বেঁধেছেন, তখন কীভাবে ১৭ বছর লুটপাটকারী আওয়ামী লীগ নেতারা পৌরসভায় ঢুকে পড়লেন? খবর ধারা দীর্ঘদিন ধরে বড়লেখা পৌরসভার দায়িত্বশীল ব্যক্তিদের সাথে যোগাযোগ করেও কোনো সদুত্তর পায়নি। কাদের কাছে কোটেশন চাওয়া হয়েছিল, তাদের দর কত ছিল, CS শিট কোথায়, তার কোনো মেসেজ এর উত্তর দেয়নি পৌরসভার প্রশাসন। এই নীরবতাই প্রমাণ করে পর্দার আড়ালে বড় আঁতাত হয়েছে।
এ বিষয়ে বড়লেখা উপজেলা বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে খবর ধারাকে ক্ষোভের সাথে বলেন, যারা ১৭ বছর লুটেপুটে খেয়েছে জনগণের টাকা তারা আবার কিছু সুবিধাবাদী বিএনপি নামধারী নেতাদের পার্সেন্টেজ দিয়ে কাজ ভাগিয়ে নিচ্ছে। এই পার্সেন্টেজ সিন্ডিকেটের কারণে ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, একই দিনে ২৪ জুন ২০২৬ তারিখে বড়লেখা পৌরসভার একই পদ্ধতিতে আরও দুটি কাজ যুবলীগের এক নেতাকে দেওয়া হয়েছে। সেই নেতার বিষয় খবর ধারা এর অনুসন্ধান চলমান।









