মধ্যপ্রাচ্যে নিহত বড়লেখার প্রবাসী ছালেহ আহমেদের পরিবারে প্রধানমন্ত্রীর তহবিলের সহায়তা
- আপডেট সময় : ০৭:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর তহবিলের অর্থে নিহত প্রবাসীর পরিবারে সহায়তা পৌঁছে দিলেন এমপি মিঠু
স্টাফ রিপোর্টার, বড়লেখা:
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের বাসিন্দা ছালেহ আহমেদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রদত্ত ৫০ হাজার টাকা তিনি আজ নিহতের পরিবারের হাতে তুলে দেন।
জানা যায়, নিহত ছালেহ আহমেদ (৫০), যিনি আহমদ আলী নামেও পরিচিত, বড়লেখা পৌরসভার গাজিটেকা গ্রামের মৃত সবর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে পরিবারসহ বসবাস করছিলেন এবং পানির গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে কর্মস্থলে যাওয়ার সময় আজমান শহরের একটি এলাকায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ছালেহ আহমেদ এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন।
পরে বাংলাদেশ সরকারের সহযোগিতায় গত ৯ মার্চ তার মরদেহ দুবাই থেকে দেশে আনা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে ঈদ উপলক্ষে নিহতের পরিবারের খোঁজখবর নেন সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এবং তাদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি, তাদের যে কোনো দুর্যোগে সরকার ও জনপ্রতিনিধিরা পাশে থাকবে।
স্থানীয়রা এ সহায়তাকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন।














