চোরাচালান রুখতে কঠোর বার্তা, কোনো নেতার সুপারিশ শুনবেন না—এমপি নাসির উদ্দীন আহমদ মিঠু
- আপডেট সময় : ০৮:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
চোরাচালান রুখতে কঠোর বার্তা, কোনো নেতার সুপারিশ শুনবেন না—এমপি নাসির উদ্দীন আহমদ মিঠু
স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু।
সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠু বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়। বিশেষ করে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় এমপি মিঠু সীমান্ত এলাকায় চোরাচালান রোধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ভারত সীমান্ত দিয়ে অবৈধ গরু-মহিষ ও অন্যান্য পণ্য পাচার বন্ধে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় থাকতে হবে। এ বিষয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সুপারিশ করলে তা গ্রহণ না করার জন্যও নির্দেশনা দেন তিনি।
সাম্প্রতিক সময়ে বড়লেখা সীমান্তে জঙ্গি সংশ্লিষ্ট ঘটনার প্রসঙ্গ টেনে এমপি মিঠু উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তাই সীমান্তে নজরদারি আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
এছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে বড়লেখার হাজিগঞ্জ বাজারে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়, যাতে সাধারণ ক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন।
সভায় আরও জানানো হয়, ভারত থেকে অবৈধভাবে জিরা চোরাচালান বন্ধে সংশ্লিষ্টদের আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।
আইন-শৃঙ্খলা কমিটির এই সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










