বড়লেখায় অভিনব প্রতারণা কৌশলে বৃদ্ধার ৩৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মূল হোতা গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
বড়লেখায় অভিনব কৌশলে বৃদ্ধার ৩৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মূল হোতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার | বড়লেখা, মৌলভীবাজার
মৌলভীবাজারের বড়লেখায় অভিনব কৌশলে এক বৃদ্ধা নারীর কাছ থেকে ৩৭ হাজার টাকা প্রতারণার ঘটনায় মূল হোতাসহ এক প্রতারককে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ।
গ্রেফতারকৃত প্রতারক হলো কমলগঞ্জ উপজেলার দক্ষিণ রাজটিলা গ্রামের মৃত তুফান আলীর ছেলে ইব্রাহিম আলী (৫৫)। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এসময় তার কাছ থেকে প্রতারণা করে নেওয়া টাকার মধ্যে ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বড়লেখার এক বৃদ্ধা নারীকে টার্গেট করে একটি প্রতারক চক্র অভিনব কৌশলে প্রতারণা চালায়। প্রতারকরা প্রথমে ওই নারীর কাছে ১০ টাকার একটি নোট ভাঙানোর কথা বলে কথোপকথন শুরু করে। পরে কৌশলে তাকে বিভ্রান্ত ও অসংলগ্ন করে ফেলে। একপর্যায়ে বৃদ্ধা তার কাছে থাকা ৩৭ হাজার টাকা প্রতারকদের হাতে তুলে দেন।
ঘটনার পর বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়লেখা থানা পুলিশ কমলগঞ্জ থেকে ইব্রাহিম আলীকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, এই প্রতারক চক্রের সাথে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, দিনের বেলায় জনসম্মুখে এ ধরনের প্রতারণা জননিরাপত্তার জন্য বড় হুমকি। তারা দ্রুত পুরো চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সতর্কবার্তা
অপরিচিত কেউ টাকা ভাঙতি চাওয়া, কাগজ, কাপড় বা কোনো বস্তু শুঁকতে দিলে সতর্ক থাকুন। সন্দেহজনক আচরণ দেখলে দ্রুত নিরাপদ স্থানে যান এবং নিকটস্থ থানায় যোগাযোগ করুন।










