কে পাচ্ছেন বড়লেখা পৌরসভা বিএনপির প্রার্থীতা?
- আপডেট সময় : ০৯:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
কে পাচ্ছেন বড়লেখা পৌরসভা বিএনপির প্রার্থীতা?
স্টাফ রিপোর্টার | বড়লেখা
আসন্ন বড়লেখা পৌরসভা নির্বাচনকে ঘিরে উপজেলা বিএনপি ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, কে হচ্ছেন বিএনপির একক মেয়র প্রার্থী? সম্ভাব্য প্রার্থীদের সরব প্রচারণা, নেতাকর্মীদের দৌড়ঝাঁপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণায় ইতোমধ্যে জমে উঠেছে পৌর রাজনীতির মাঠ।
এমন পরিস্থিতিতে আগামী ১৬ মে শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে বড়লেখা হাজীগঞ্জ বাজারের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম মালিকুর রহমান (মায়ন) সাহেবের বারইগ্রামের বাড়িতে এক মতবিনিময় সভার আহ্বান করা হয়েছে। আসন্ন পৌর নির্বাচন ও সম্ভাব্য মেয়র প্রার্থী নিয়ে আলোচনা করতেই এ সভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
সভায় দল-মত নির্বিশেষে সকলকে উপস্থিত থেকে মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান খসরু।
এদিকে পৌরসভা এলাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ইতোমধ্যে কয়েকজন নেতা প্রকাশ্যে ও পরোক্ষভাবে নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলাম। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকায় তৃণমূলের একটি অংশে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছেন অনেকে।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মাঠপর্যায়ে প্রচারণায় সবচেয়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে সাবেক ছাত্রদলের তিন নেতাকে। তারা হলেন সাবেক যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ এবং অভিভক্ত বড়লেখা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক প্রভাষক আব্দুস শহিদ। তরুণ ভোটার ও বিএনপির নতুন প্রজন্মের নেতাকর্মীদের মধ্যে তাদের নিয়ে আলোচনা বাড়ছে।
এছাড়া বড়লেখা উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান খসরুকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছেন তার অনুসারীরা। দলের সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং উপজেলা রাজনীতিতে প্রভাবশালী অবস্থানের কারণে তাকেও শক্ত অবস্থানে রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তবে রাজনৈতিক অঙ্গনে আরও দুটি নাম নীরবে আলোচনায় রয়েছে, যারা এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ না করলেও তাদের সম্ভাব্য অংশগ্রহণ পুরো হিসাব বদলে দিতে পারে বলে মনে করছেন অনেকে। তারা হলেন বড়লেখা পৌরসভার সাবেক সফল মেয়র ফখরুল ইসলাম এবং সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম।
স্থানীয়দের মতে, ফখরুল ইসলামের রয়েছে প্রশাসনিক অভিজ্ঞতা ও পৌরবাসীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। অন্যদিকে রাহেনা বেগম নারী নেতৃত্বের প্রতীক হিসেবে এলাকায় পরিচিত এবং জনপ্রিয় একজন সাবেক জনপ্রতিনিধি। ফলে এই দুই নেতার কেউ নির্বাচনী মাঠে নামলে বিএনপির অভ্যন্তরীণ সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। এখন সব নজর আগামী ১৬ মের মতবিনিময় সভার দিকে। এই সভা থেকে কোনো ঐকমত্য তৈরি হয় কি না, কিংবা বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে নতুন কোনো বার্তা আসে কি না, সেটিই দেখার অপেক্ষায় বড়লেখার রাজনৈতিক মহল।














