জুড়ীতে মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামানের অপসারণ দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ১২:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
জুড়ীতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামানের অপসারণ দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, কারেন্ট জাল বাণিজ্য ও বিল সেচে মাছ আহরণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে জুড়ী বাজার এলাকায় হাওরাঞ্চলের সাধারণ মানুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামানের অপসারণ দাবি করেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হাকালুকি হাওরের বিভিন্ন বিলে অবৈধভাবে সেচ মেশিন ব্যবহার করে মাছ আহরণ, কারেন্ট জালের অবাধ ব্যবহার এবং প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে জলাশয় লুটপাট চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের দাবি, হাওরের চাতলা, তুরল ও নাগুয়াবিলসহ বিভিন্ন জলাশয়ে নির্বিচারে মাছ নিধনের ফলে প্রাকৃতিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত জেলেরা এবং কমে যাচ্ছে দেশীয় মাছের উৎপাদন।
এর আগে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দেন কাদির নামের এক ভুক্তভোগী। অভিযোগে কারেন্ট জাল বাণিজ্য, বিল সেচ দিয়ে মাছ শিকার, অবৈধ সুবিধা গ্রহণ এবং বিভিন্ন অনিয়মের বিষয় উল্লেখ করা হয়।
অভিযোগের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন,
“আপনি তদন্ত করে যা পাবেন তাই লিখেন, এটাই আমার বক্তব্য।”
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।














