এমপি নাসির উদ্দিন মিঠুর বিশেষ বরাদ্দে পাথারিয়া খাসিয়া পুঞ্জির সড়কে ইট সোলিং কাজ চলমান, পরিদর্শনে ইকবাল হুসেইন
- আপডেট সময় : ০১:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে
এমপি নাসির উদ্দিন মিঠুর বিশেষ বরাদ্দে পাথারিয়া খাসিয়া পুঞ্জির সড়কে ইট সোলিং কাজ চলমান, পরিদর্শনে ইকবাল হুসেইন
মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন মিঠুর বিশেষ বরাদ্দের অর্থায়নে বড়লেখা উপজেলার ১০ নম্বর দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পাথারিয়া ৭ নম্বর খাসিয়া পুঞ্জির দীর্ঘদিনের অবহেলিত সড়কে ইট সোলিংয়ের কাজ চলছে।
দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষাকালে কাদামাটির কারণে শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হতো। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে রাস্তাটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন বড়লেখা উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হুসেইন। এসময় তিনি কাজের অগ্রগতি ও মান পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত ও সঠিকভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে তাদের চলাচল সহজ হবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। তারা এ উদ্যোগের জন্য সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন মিঠুসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।














